দ্রগবার হ্যাটট্রিকে জয় চেলসির, জিতল ভিলাও
ঢাকা, অগাস্ট ১৫ (Sport DHAMAKA) - দিদিয়ের দ্রগবার হ্যাটট্রিকে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে শনিবার ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। দু'টি গোল করেন ফ্লোরেন্স মালুদা এবং বাকি গোলটি ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের।
এমন জয়ের পরও চেলসি কোচ কার্লোস আনচেলত্তি বলেছেন , তার দল এখনো সেরা খেলার ধারে-কাছেও পৌঁছায়নি। এটা কেবল শুরু। তার ঘোষণা, আগামী দু'সপ্তাহের মধ্যে চেলসি তাদের কাক্সিক্ষত মানে পৌঁছাবে।
দিন কয়েকের মধ্যেই ব্রাজিলিয়ান মাঝমাঠের খেলোয়াড় রামিরেস পর্তুগালের ক্লাব বেনফিকা থেকে ১৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসিতে যোগ দিচ্ছেন। আগামী সপ্তাহে উইগানের বিপক্ষে চেলসির পরের ম্যাচে অভিষেক হতে পারে তার।
খেলার ৬ মিনিটেই মালুদার গোলে এগিয়ে যায় চেলসি। দ্রগবার ফ্রি কিক ঠিকমতো ফেরাতে পারেননি ওয়েস্ট ব্রমের গোলরক্ষক। সেই বলে গোল করে যান মালুদা। বিরতির ঠিক আগে দুর্দান্ত ফ্রি কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন দ্রগবা।
বিরতির পর খেলা শুরুর দশ মিনিটের মধ্যে ফের গোল করেন দ্রগবা। ৬৩ মিনিটে নিকোলাস অ্যানেলকা এবং অ্যাশলে কোল যে আক্রমণ গড়েন তা থেকে চতুর্থ গোল করেন ল্যাম্পার্ড। তারপরই হ্যাটট্রিক তুলে নেন গত মৌসুমে প্রিমিয়ার লিগে ২৯ গোল করে সর্বাধিক গোলদাতার সম্মান পাওয়া দ্রগবা। খেলার শেষ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের ছয় নম্বর গোলটি করেন মালুদা।
শনিবার অন্য ম্যাচে অ্যাস্টন ভিলা ৩-০ গোলে হারায় ওয়েস্টহ্যামকে। প্রিমিয়ার লিগে উঠে আসা ব্ল্যাকপুল শুভ সূচনা করে উইগানকে ৪-০ গোলে হারিয়ে। ব্ল্যাকবার্ন রোভার্স ১-০ গোলে জেতে এভারটনের বিপক্ষে। আর উলভস ২-১ গোলে হারায় স্টোক সিটিকে।
বোল্টন ওয়ান্ডারার্স এবং ফুলহ্যামের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। সান্ডারল্যান্ড ২-২ গোলে ড্র করে বার্মিংহ্যামের সঙ্গে।
No comments:
Post a Comment